আইনের সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে: মাহমুদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ রেখে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আনা সংশোধনী আবদুল কাদের মোল্লার মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে গতকাল মঙ্গলবার আপিল বিভাগে শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম এ মত দেন। এই প্রশ্নে এর আগে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও এম আমীর-উল ইসলামও একই মত দিয়েছিলেন। মাহমুদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন প্রযোজ্য হবে। এ আইনের সঙ্গে আন্তর্জাতিক প্রথাগত আইনের বিরোধ থাকলেও প্রথাগত আইন প্রযোজ্য হবে না। তবে ১৯৭৩ সালের আইনে যদি কোনো অস্পষ্টতা ও শূন্যতা থাকে, তাহলে ব্যাখ্যার জন্য প্রথাগত আন্তর্জাতিক আইন বিবেচনায় নেওয়া যেতে পারে। প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রয়োগ প্রশ্নে আগের দুই অ্যামিকাস কিউরি ভিন্ন মত দিয়েছিলেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।
সকালে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম তাঁর অসমাপ্ত বক্তব্য উপস্থাপন শেষ করেন। পরে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। তাঁকে সহায়তা করেন আইনজীবী প্রবীর নিয়োগী। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন। পরে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি তাঁর বক্তব্য উপস্থাপন শুরু করেন। আজ শুনানি হওয়ার কথা। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইগত প্রশ্ন ওঠায় ২০ জুন আপিল বিভাগ এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেন। দুটি প্রশ্ন হলো—দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না। অপরটি হলো, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না।
শুনানিতে মাহমুদুল ইসলাম বলেন, পৃথিবীতে এ পর্যন্ত যত ট্রাইব্যুনাল আইন হয়েছে, সেসব ক্ষেত্রে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া হয়েছে। আইন তৈরি হয়েছে অপরাধ সংঘটনের পরে। সংবিধানের ১০৪ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে। আইনে কিছু বলা না থাকলেও ন্যায়বিচারের সার্থে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় আদেশ বা নির্দেশনা দিতে পারেন। আপিলের বিধান না থাকলেও আপিলের ওপর শুনানি গ্রহণে সুপ্রিম কোর্টের অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। ন্যায়বিচারের মৌলিক ধারণা (ফান্ডামেন্টাল ফেয়ারনেস) বজায় রাখতে হবে।
রায়ের নজির তুলে ধরে মাহমুদুল ইসলাম আরও বলেন, নূরেমবার্গ, টোকিওসহ পৃথিবীর যেসব দেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেখানে দেশীয় আইনে বিচার হয়নি। বিচার হয়েছে চার্টার বা কনভেনশনের মাধ্যমে। মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি না—আদালতের এই প্রশ্নের জবাবে মাহমুদুল ইসলাম বলেন, এখানে ফৌজদারি আইন প্রযোজ্য হবে না। তবে ফান্ডামেন্টাল ফেয়ারনেস অব ক্রিমিনাল জুরিসপুডেন্স অনুসরণ করতে হবে। তিনি বলেন, ১৯৭৩ সালের ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করা যাবে না বলে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে সুরক্ষা দেওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। কিন্তু কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে আকস্মিকভাবে শাহবাগে তরুণদের নেতৃত্বে প্রতিবাদ শুরু হয়। গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে কোনো অভিযোগে আসামির সাজা হলে তার রুিদ্ধে আপিলের সুযোগ ছিল না সরকারপক্ষের। এরপর ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে অব্যাহতি চেয়ে আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা। এর পরিপ্রেক্ষিতে আপিলের শুনানি শুরু হয়।