পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন নিয়ে রাঙামাটিতে মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি এ আইনের সংশোধনকে ইতিবাচক বলে মন্তব্য করেছে। আইনের পুরো সংশোধনী না পাওয়া পর্যন্ত এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি জনসংহতি সমিতির নেতারা। তবে তিনটি বাঙালি সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, দীর্ঘদিনের অচলাবস্থার পর সরকার আইনটি সংশোধন করেছে। এখন ভূমি কমিশনের কার্যক্রম দ্রুত শুরু করা দরকার। পার্বত্য এলাকার শান্তির স্বার্থে আইনের এই সংশোধন ইতিবাচক। সবার আন্তরিকতা থাকলে কাজ করতে গিয়ে কোনো জটিলতা দেখা দিলে তা নিরসন করা যাবে।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভেটিং সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ২০০১ সালে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন পার্বত্য চুক্তির সঙ্গে আইনটির বিরোধাত্মক ২৩টি ধারা সংশোধনের দাবি জানায়। পরে তা পর্যালোচনা করে ১৪টি ধারা পরিবর্তনে সরকার ও আঞ্চলিক পরিষদ সম্মত হয়। তবে আইনটি সংশোধন না হওয়ায় পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রমে দীর্ঘ দেড় দশক ধরে অচলাবস্থা চলছে বলে জানায় পাহাড়ি সংগঠনগুলো।
পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ গতকাল এক যৌথ বিবৃতিতে বলেছে, পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের ফলে পার্বত্য চট্টগ্রামের লাখ লাখ বাঙালি পরিবার ভূমির মালিকানা হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়বে। পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পার্বত্য বাঙালিরা এই আইন মানবে না। সংশোধনী পুনর্বিবেচনা করা না হলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
পার্বত্য গণশ্রমিক পরিষদ নামের আরেকটি বাঙালি সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেছে, পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করা হলে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা ক্ষতিগ্রস্ত হবে এবং শান্তি বিঘ্নিত হবে।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, পুরো সংশোধনীটি না পাওয়া পর্যন্ত কিছু বলা ঠিক হবে না। সংশোধনীটি পাওয়ার পর দলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।