অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দিয়ে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনী কাদের মোল্লার মামলায় প্রযোজ্য হবে বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) রোকনউদ্দিন মাহমুদ। তবে ওই সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে মত দিয়েছেন অপর অ্যামিকাস কিউরি টি এইচ খান।
গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে জ্যেষ্ঠ এই দুই আইনজীবীর লিখিত বক্তব্যে এ ভিন্নমত উঠে এসেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ওঠায় গত ২০ জুন আপিল বিভাগ এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেন। প্রশ্ন দুটি হলো দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না? এবং আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না?
আদালতে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদকে সহায়তা করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রোকনউদ্দিন মাহমুদের পর জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খানের লিখিত বক্তব্য দাখিল করেন আইনজীবী ফয়সাল এইচ খান।
রোকনউদ্দিন মাহমুদ বলেন, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে সরকার যে আপিল করেছে, তা দায়েরে সংশোধিত আইনের ভূতাপেক্ষ প্রয়োগ নিয়ে প্রশ্নের সুযোগ নেই। বরং সরকার যেদিন আপিল করে, সেদিন বিদ্যমান বিধান অনুসারে আপিল করা হয়েছে। ওই সংশোধনীকে সাংবিধানিক বিধান হিসেবে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে সুরক্ষা দেওয়া হয়েছে। তাই ভূতাপেক্ষ কার্যকারিতা প্রযোজ্য হবে কি না এবং এর ব্যাখ্যা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। সংশোধনী দণ্ডিত আপিলকারীর (কাদের মোল্লার) ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রতিফলন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য নয়।n এরপর টি এইচ খানের লিখিত বক্তব্য দাখিল করে তা পড়ে শোনান ফয়সাল এইচ খান। এতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাণ্ডাদেশ দেওয়া হয়। ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালস আইনে সংশোধনী আনা হয়। ২০০৯ সালের ১৪ জুলাই থেকে এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া হয়। এর আগে কাদের মোল্লার মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এ ক্ষেত্রে ওই সংশোধনী প্রযোজ্য নয়। দেশীয় আইনের সঙ্গে প্রথাগত আইনের বিরোধ দেখা গেলে দেশীয় আইন প্রাধান্য পাবে; এটা মীমাংসিত নীতি। কিন্তু যেসব ক্ষেত্রে দেশীয় আইন অপূর্ণাঙ্গ, অস্পষ্ট, সেসব ক্ষেত্রে দেশীয় আদালত আন্তর্জাতিক অঙ্গনের মীমাংসিত সিদ্ধান্ত অনুসরণ করবেন। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৩(২)(এ) ধারায় ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ কোনো সংজ্ঞা নেই। এ ক্ষেত্রে প্রথাগত আন্তর্জাতিক আইনের সংজ্ঞা ও সহায়ক উপাদানগুলো ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ প্রয়োজনে গ্রহণ করতে পারেন।
অ্যামিকাস কিউরি হিসেবে ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি মত দিয়েছেন।