আইনের সংস্কার চায় না হিন্দু মহিলা মহাজোট
প্রচলিত হিন্দু আইনের সংস্কার চায় না বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট। সংগঠনটি বলছে, হিন্দু বিবাহবিচ্ছেদ আইনের কোনো প্রয়োজন নেই। গতকাল ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিন দফা দাবিতে সংগঠনের নেতারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, অনেকে আইনের সংস্কার বা পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু হিন্দু বিবাহ বিচ্ছেদ আইনের কোনো প্রয়োজন নেই। হিন্দু আইন অনুসারে নারী বিয়ের মধ্য দিয়ে স্বামীর পরিবারে স্থায়ী সদস্য হয় এবং আজীবন স্বামীর পরিবার থেকে যথাযথ মর্যাদাসহ ভরণপোষণ ও যাবতীয় কিছু পাওয়ার অধিকারী হয়। কিন্তু বিবাহ বিচ্ছেদের আইন করা হলে হিন্দু নারীর স্বামীর পরিবারে স্থায়ী পদ বিলুপ্ত হবে এবং স্বামীর পরিবারের অস্থায়ী সদস্য হয়ে পড়বে। স্বামী যেকোনো ছলে স্ত্রীকে তালাক দিয়ে নারী ও শিশুর জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে।
দফাগুলো হলো এনজিওদের পরিবার, সমাজ ও ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত করতে আইন পাস করা; হিন্দু শাস্ত্রবিরোধী তালাকব্যবস্থা কোনোভাবেই হিন্দু আইনে অন্তর্ভুক্ত না করা এবং ১৩ ফেব্রুয়ারি ২০১৬-এর মধ্যে সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে ১৪ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। হিন্দু মহিলা জোটের সভাপতি সোনালী দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি প্রীতিলতা বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রতিভা বাগচী প্রমুখ।