আইনের সংস্কার চায় না হিন্দু মহিলা মহাজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত হিন্দু আইনের সংস্কার চায় না বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট। সংগঠনটি বলছে, হিন্দু বিবাহ বিচ্ছেদ আইনের কোনো প্রয়োজন নেই। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদ সম্মেলনে তিন দফা দাবিতে সংগঠনের নেতারা এ দাবি জানায়।

সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, অনেকে আইনের সংস্কার বা পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু হিন্দু বিবাহ বিচ্ছেদ আইনের কোনো প্রয়োজন নেই। হিন্দু আইন অনুসারে নারী বিবাহের মধ্যদিয়ে স্বামীর পরিবারে স্থায়ী সদস্যপদ পায় এবং আজীবন স্বামীর পরিবার থেকে যথাযথ মর্যাদাসহ ভরণ-পোষণসহ যাবতীয় কিছু পাওয়ার অধিকারী হয়। এমনকি স্বামীর সঙ্গে পৃথক বসবাস করলেও স্ত্রী আজীবন মর্যাদাসহ ভরন-পোষণ পাওয়ার অধিকারী। স্বামীর মৃত্যুর পরও স্বামীর পরিবার স্ত্রীর ভরন-পোষণ দিতে বাধ্য থাকবে। কিন্তু বিবাহ বিচ্ছেদের আইন করা হলে হিন্দু নারীর স্বামীর পরিবারে স্থায়ী পদ বিলুপ্ত হবে এবং স্বামীর পরিবারের অস্থায়ী সদস্য হয়ে পড়বে। স্বামী যে কোনো ছলে স্ত্রীকে তালাক দিয়ে নারী ও শিশুর জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে।
সংবাদ সম্মেলনে তিনটি দাবিতে বলা হয়েছে, এনজিওদের পরিবার, সমাজ ও ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত করতে আইন পাশ করা, হিন্দু শাস্ত্রবিরোধী তালাক ব্যবস্থা কোনোভাবেই হিন্দু আইনে অন্তর্ভুক্ত না করা এবং আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকারকে উক্ত বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। তা না হলে ১৪ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
হিন্দু মহিলা জোটের সভাপতি সোনালী দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি প্রীতিলতা বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রতিভা বাগচী প্রমুখ।