জামায়াতে ইসলামীর গঠন-তন্ত্রের সঙ্গে নিবন্ধন আইনের অসংগতি থাকলে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ (সিইসি)। তিনি বলেন, সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলে কমিশনও দলটির নিবন্ধন বাতিল করতে পারে।রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল একটি দীর্ঘ প্রক্রিয়া।জামায়াত একাত্তরে যুদ্ধাপরাধে যুক্ত ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে এ কথা উল্লেখ করায় দলটির নিবন্ধন বাতিল করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আদালত জামায়াতের নিবন্ধন বাতিলে যদি এমন কোনো দিকনির্দেশনা দেন, তবে কমিশন অবশ্যই তা পালন করবে। এর বাইরে সরকার যদি আইন করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে, তবে কমিশনও নিবন্ধন বাতিল করতে পারে। তিনি বলেন, ‘নির্বাচনী আইন অনুযায়ী নিবন্ধন বাতিল করতে হলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কমিশনকে যেতে হবে। গঠনতন্ত্রে অসংগতি থাকলে কমিশন চিঠি দিয়ে দলটিকে জানাবে। এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার।’সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবদুল হাফিজ, জাবেদ আলী উপস্থিত ছিলেন।