আইপিআইসহ পাঁচ সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ এবং তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে), এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) ও দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আইপিআই ও আইএফজে গতকাল মঙ্গলবার পৃথক বিবৃতিতে এবং অপর তিন সংগঠন যৌথ বিবৃতিতে ওই নিন্দা ও শফিক রেহমানকে মুক্তির দাবি জানায়। একই সঙ্গে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার ওপর চাপ প্রয়োগ বন্ধের দাবিও জানায় তারা।
জ্যেষ্ঠ এই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে আইপিআই বলেছে, ২০১৩ সাল থেকে এই দেশটিতে শফিক রেহমানসহ তিনজন সরকারবিরোধী সম্পাদককে গ্রেপ্তার করা হলো। রাজনৈতিক বিরোধিতায় সোচ্চার ব্যক্তিরা আটকের শিকার হচ্ছেন।
আইপিআইয়ের পরামর্শ ও যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন এম এলিস বলেন, ‘শফিক রেহমানের ঘটনায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তিনি যদি কোনো ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে সে বিষয়ে যেন জনসমক্ষে প্রমাণ হাজির করা হয়। অন্যথায় তাঁকে অবিলম্বে মুক্তি দিয়ে তাঁর ওপর থেকে অভিযোগগুলো তুলে নেওয়া হোক।’
আইএফজের পৃথক বিবৃতিতে বলা হয়, ‘সরকারের সমালোচক সম্পাদকদের বিরুদ্ধে আইনি হয়রানির বর্তমান ধারায় বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস পালনের আগে আমরা সংবাদপত্রের ওপর আক্রমণ বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানাই।’
যৌথ বিবৃতিতে এএইচআরসি, এফআইডিএইচ এবং ওএমসিটি বলে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা দমনে পদ্ধতিগতভাবে বিচারব্যবস্থার অপব্যবহারের সর্বশেষ শিকার হলেন শফিক রেহমান। তাঁকে রিমান্ডে নেওয়ার কথা উল্লেখ করে আরও বলা হয়, স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, জিজ্ঞাসাবাদের সময় তাঁর ওপর নির্যাতন চালানো হতে পারে।