আইপিই কার্নিভ্যাল উদ্যাপন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের উদ্যোগে উদ্যাপিত হয়েছে আইপিই কার্নিভ্যাল। গতকাল শুক্রবার বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে এ কার্নিভ্যাল উদ্যাপন করা হয়।
সকাল সাড়ে আটটায় কীট কালেকশনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্নিভ্যাল। সকাল নয়টায় বের হয় শোভাযাত্রা। এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ আলমগীর, সব অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক সোবহান মিয়া, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত তলাপাত্র উপস্থিত ছিলেন। অংশ নেন আইইএম বিভাগের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও।
সকাল ১০টা ৪০ মিনিটে বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট-বিষয়ক কর্মশালা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আম্বিয়া, মো. আরিফুল ইসলাম, এস এম আবু মুসা, মো. কুতুবউদ্দীন।
বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়বিষয়ক সেমিনার। অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে সব বাধা অতিক্রম করে ব্যক্তিগত তথা জাতীয় জীবনের আশার আলো উন্মোচিত করতে পারেন, সে বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের মতামত ব্যক্ত করেন এবং তাঁদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক সন্ধ্যা’।