আইপিইউ সম্মেলন শুরু হচ্ছে শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার ঢাকায় শুরু হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠেয় পাঁচ দিনের এই সম্মেলনে ১৩২টি দেশের ৬৫০ জনের বেশি সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে।
বাসস জানায়, আইপিইউর মহাসচিব মার্টিন চুনগুং মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় তাঁদের মধ্যে ১৩৬তম আইপিইউ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে স্পিকার জানান, আইপিইউ সম্মেলনের প্রস্তুতিতে জাতীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত তত্ত্বাবধান কমিটি ও বিভিন্ন উপকমিটি কাজ করছে।
স্পিকার আরও জানান, মূল সম্মেলনস্থল বিআইসিসির কাছে একটি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের সমাহার থাকবে। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে।
আইপিইউর মহাসচিব ১৩৬তম আইপিইউ সম্মেলনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে অনুষ্ঠেয় সম্মেলন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে আইপিইউ সম্মেলনের সময় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার কয়েকটি সড়কে নির্ধারিত সময়ে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কাল শুক্রবার বিদেশি অতিথিদের নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বিদেশগামী যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা দিতে বলেছে পুলিশ।
গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।