আইপিইউ সম্মেলনে যোগ দিতে ১২ সদস্যের দল জেনেভায়
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৩ তম সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল গতকাল শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন। চার দিনব্যাপী এই সম্মেলন আজ শনিবার থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের সম্মেলনে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ওপর আলোচনা হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, নুরুল ইসলাম (সুজন), মইন উদ্দীন খান বাদল, ফজলে হোসেন বাদশা, হাজী মো. সেলিম, শিরিন নাঈম, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ অন্যান্য কর্মকর্তা। ২২ অক্টোবর প্রতিনিধিদলের ঢাকা ফেরার কথা রয়েছে।