আইপিইউ-সিপিএ জয়ে অবদান জাপার: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে (সিপিএ) বাংলাদেশ প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের পদ পাওয়ার পেছনে জাতীয় পার্টির অবদান রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এইচ এম এরশাদ এ দাবি করেন। ১৯৮৪ সালের ২৩ অক্টোবর এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। ওই দিনকে কেন্দ্র করে উপজেলা দিবস স্মরণে জাতীয় পার্টি আজ এ আলোচনা সভার আয়োজন করে।
এরশাদ বলেন, ‘কে ক্ষমতায় এনে দিয়েছে এ সরকারকে? জাতীয় পার্টি যদি নির্বাচন না করত, তাহলে এ সংসদ হতো না, এ সরকার হতো না। তাই এ পুরস্কার জাতীয় পার্টি এনে দিয়েছে। এ পুরস্কারে আমরা অবদান রেখেছি।’
উপজেলা পদ্ধতি বাতিলের জন্য বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, যারা উপজেলা পদ্ধতি বাতিল করেছিল, সে দল আজ বাতিলের পথে। ওই জায়গায় এখন জাতীয় পার্টি। তিনি বলেন, উপজেলা পদ্ধতি বাতিলের ক্ষতি পূরণ হওয়ার নয়।
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।