আইপিইউতে যুক্ত হলো নতুন দুই দেশ
প্রশান্ত মহাসাগরীয় দেশ টুভালু ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নতুন দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সদস্যসংখ্যা দাঁড়াল ১৭৩-এ।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় (জেনারেল অ্যাসেম্বলি) এই দুটি দেশকে সদস্যপদ দেওয়া হয়। বিকেল আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে আইপিইউর গণমাধ্যম শাখার পরিচালক জিন মিলিগান এ তথ্য জানান।
পলিনেশিয়ান দ্বীপরাষ্ট্র টুভালুর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি জায়গায়। এর আগে দেশটি এলিস আইল্যান্ড নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া মধ্য আফ্রিকা রিপাবলিকের চাদ, সুদান, নাইজেরিয়া ও কঙ্গোর পাশে।
বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী। এবারের সম্মেলনে নতুন দুই সদস্যরাষ্ট্রসহ অংশগ্রহণকারী দেশের সংখ্যা দাঁড়াল ১৩৪।