আইপিইউর পরবর্তী সম্মেলন রাশিয়ায়, আপত্তি ইউক্রেনের
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পরবর্তী ১৩৭তম সম্মেলন রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছ। তবে এতে ঘোর আপত্তি জানিয়েছে রাশিয়া দ্বারা আক্রান্ত দেশ ইউক্রেন।
দেশটির পার্লামেন্ট সদস্য বি টারজোক বলেছেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। দেশটি চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। আইপিইউ যেসব বিষয় ধারণ করে তা রাশিয়ার মধ্যে নেই। তাই ওই দেশে যাতে আইপিইউ সম্মেলন না হয়, সেই দাবি জানাচ্ছি। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া আইপিইউ সম্মেলনের আজ সোমবারের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এ দাবি জানান তিনি।
বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এই সেশনে মঞ্চে ছিলেন আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
বি টারজোকের অভিযোগ, ‘রাশিয়া ইউক্রেনে লুটতরাজ চালাচ্ছে। আমরা ইউক্রেনের বাসিন্দারা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি বলেন, রাশিয়া যদি জাতিসংঘের নিয়মগুলো মনে চলে তাহলে এই সমস্যার সমাধান হতে পার। তিনি আরও বলেন, ‘আইপিইউ ও জাতিসংঘ মিলে আমরা শান্তি রক্ষা করে চলতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো মধ্য প্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি বিঘ্নিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা প্রতিজ্ঞা করতে চাই—আর যেন একটিও মৃত্যু না ঘটে, কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয়। তা নিয়ে আমাদের কাজ করতে হব।’
অর্থনৈতিক, সামাজিক ও অবিচার দূর করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আইপিইউর ১৩৬তম সম্মেলন শুরু হয়েছে। ১ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর কার্যক্রম চলবে ৫ এপ্রিল পর্যন্ত।