আইপিইউর প্রেসিডেন্ট প্রার্থী সাবের চৌধুরী
জাতীয় সংসদের সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১২ থেকে ১৬ অক্টোবর জেনেভায় আইপিইউর ১৩১তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আইপিইউর ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচনে সাবের হোসেন চৌধুরী ছাড়াও ইন্দোনেশিয়ার সংসদ সদস্য নুরহায়াতি আলী আসিগাফ, অস্ট্রেলীয় আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে এই সংস্থার প্রেসিডেন্ট মরক্কোর আইনসভার স্পিকার আবদেল ওয়াহাদ রাদি।
সম্মেলনে বিশ্বের ১৪১টি দেশের বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। এতে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এ ছাড়া বিশ্বশান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিরুদ্ধে হুমকি হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান; ফিলিস্তিনিদের অধিকারের সুরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন আইপিইউ। এটির যাত্রা শুরু হয় ১৮৮৯ সালে।