আইপিইউর নতুন প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি।
সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী । আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আজ বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট। পরবর্তী তিন বছরের জন্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট হলেন।

নির্বাচনে সাবের হোসেন চৌধুরীর পর প্রতিদ্বন্দীরা হলেন ইন্দোনেশিয়ার সাংসদ নুরহায়াতি আলী আসিগাফ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ। বর্তমানে এই সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মরক্কোর আইনসভার স্পিকার আবদেল ওয়াহাদ রাদি।

আইপিইউর ওয়েবসাইট অনুযায়ী, সুইজারল্যান্ডের জেনেভায় ১২ অক্টোবর আইপিইউর ১৩১তম সম্মেলন শুরু হয়েছে। আজ শেষ দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল যোগ দিয়েছে।