আইপিইউর ২০১৭ সালের অধিবেশন বসবে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিইউর সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সাবের হোসেন চৌধুরী
আইপিইউর সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সাবের হোসেন চৌধুরী

বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২০১৭ সালের অধিবেশন বসবে বাংলাদেশে। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার ন্যায্য অভিবাসন ও অনলাইন স্বাধীনতার পক্ষে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় আইপিইউর ১৩৩তম অধিবেশন। সংস্থাটির প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে গত শুক্রবার শুরু হয় এ অধিবেশন। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
সংস্থার গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের মার্চে আইপিইউর অধিবেশন আয়োজনে জোরালো আগ্রহ ব্যক্ত করে রাশিয়া ও ইসরায়েল। তবে সংস্থার গভর্নিং কাউন্সিল বাংলাদেশকে বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। আগামী বছরের মার্চে আইপিইউর পরবর্তী অধিবেশনটি অনুষ্ঠিত হবে জাম্বিয়ার লুসাকায়।
২০১৭ সালের অধিবেশন সামনে রেখে সংস্থার জেনেভা সদর দপ্তরের একটি প্রতিনিধিদল আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে। অধিবেশনটি আয়োজনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নানা বিষয় পর্যালোচনা করবে তারা। সই করবে জাতীয় সংসদের সঙ্গে একটি চুক্তিও।
এবারের ১৩৩তম অধিবেশনে ৬৫০ জন পার্লামেন্ট সদস্য (এমপি) অংশ নেন, যাঁদের মধ্যে ৯২ জন স্পিকার ও ডেপুটি স্পিকার এবং ২১৩ জন নারী ছিলেন। অংশ নেন বাংলাদেশসহ ১৩৭টি দেশের সাংসদেরা।
আইপিইউর সদস্য পার্লামেন্ট ১৬৭টি। এসব পার্লামেন্টে রয়েছেন ৪৫ হাজারের বেশি এমপি। তাঁরা বিশ্বব্যাপী সাড়ে ৬০০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। আইপিইউ প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে। আন্ত-পার্লামেন্ট সংলাপের গুরুত্বপূর্ণ মঞ্চ এটি। জনগণের মধ্যে শান্তি ও সহযোগিতার সম্পর্ক এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র শক্তভাবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ সংস্থা।