আইপিএ কংগ্রেসে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাত প্রকাশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রকাশক সমিতিগুলোর শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (আইপিএ) কংগ্রেসে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

আধুনিক বিশ্বে প্রকাশনা শিল্পের সমস্যা, সম্ভাবনা, নতুন প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সংগঠনটি দিকনির্দেশনা দিয়ে থাকে।
আজ শনিবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবারের কংগ্রেসে আইপিএর সদস্যপদ লাভ করার চেষ্টা করবে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশকদের একত্র হওয়া, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের পরামর্শ নিয়ে চার বছর পর বিশ্বের একটি নির্দিষ্ট দেশে সম্মেলন আয়োজন করে থাকে আইপিএ। আগামী ২৪ থেকে ২৬ মার্চ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এবারের কংগ্রেস অনুষ্ঠিত হবে।
কংগ্রেস অংশগ্রহণকারী জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সদস্যরা হলেন সমিতির সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মেসবাহউদ্দিন আহমদ, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, সাবেক সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম, নিমফিয়া পাবলিকেশনের করুনাংশু বড়ুয়া, কথাপ্রকাশের মোহাম্মদ জসিম উদ্দিন ও অন্যপ্রকাশের সিরাজুল কবির চৌধুরী।
২৪ মার্চ আধুনিক বিশ্বে প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ ও প্রকাশকদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাক্ষরতা ও আজীবন শিক্ষা: তরুণ পাঠক উৎসাহিতকরণ, ২৫ মার্চ পাইরেসির বিরুদ্ধে করণীয়, ডিজিটাল যুগে প্রকাশনার স্বাধীনতা, প্রকাশনা শিল্পের সুযোগ ও ঝুঁকি, ২৬ মার্চ প্রকাশনার নব আবিষ্কার: সর্বশেষ প্রযুক্তি, নতুন ব্যবসায়িক মডেলসহ বিভিন্ন বিষয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হবে।