আইপিএইচ স্কুলে ট্রাফিক পুলিশের সচেতনতা কর্মশালা
‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মোটরযান আইন’ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে মহাখালীর আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজে সচেতনতা কর্মশালার আয়োজন করেছে ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের মহাখালী জোন। গতকাল বুধবার বেলা ১১টায় স্কুলটির কেন্দ্রীয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে উপস্থিত ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাস্তায় চলাচলের নিয়ম, রাস্তা পারাপারে পদচারী-সেতুর ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার ছাড়াও সড়ক দুর্ঘটনা ও যানজটের কারণ এবং এগুলো নিরসনে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত কর্মসূচির প্রধান বক্তা ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার প্রবীর কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন। রাস্তা পারাপারের নিয়ম, ট্রাফিক ও মোটরযান আইন সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হলে সমাজ সচেতন হবে। তখন সড়ক দুর্ঘটনা ও যানজটের পরিমাণ কমে আসবে। তিনি এ সময় ট্রাফিক পুলিশের এই কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
সচেতনতা কর্মশালায় গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল আলম, মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফউল্লাহ, ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা, আইপিএইচ স্কুলের অধ্যক্ষসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।