আইপিএল নিয়ে জুয়া খেলায় ২০ জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চলমান আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিয়ে জুয়া খেলার অভিযোগে শেরপুরের বিভিন্ন স্থান থেকে গত শুক্রবার ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত শুধু জরিমানা করে গতকাল শনিবার তাঁদের মুক্তি দেন।
শাস্তি পাওয়া ২০ ব্যক্তি হলেন শহীদুল ইসলাম, মোখলেছুর রহমান, তারা মিয়া, ফকির মিয়া, মোতালেব, কামরুজ্জামান, আবদুর রহিম, আতিকুর রহমান, সুমন মিয়া, আবদুল মালেক, সোহাগ মিয়া, রাসেল, সোহেল মিয়া, নবী হোসেন, মোজাফ্ফর আলী, শফিকুল ইসলাম, ইয়াছিন আলী, হাসু মিয়া, রিপন রবিদাস ও আমিনুল ইসলাম। তাঁদের বাড়ি শেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ জানায়, শেরপুর সদর থানা-পুলিশের তিনটি দল গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ নম্বর ধারায় থানায় মামলা করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে পুলিশ ২০ জনকে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের আদালতে সোপর্দ করে।