রাজশাহীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বাজি ধরার বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছে। বাজিতে হেরে অনেকেই নিঃস্ব হচ্ছেন। তছনছ হয়ে যাচ্ছে সংসার। ইতিমধ্যে জীবনও গেছে একজনের। বাজিতে সব খুইয়ে গত শনিবার রাতে এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওই ব্যক্তির নাম শাহজামাল (৩২)। তিনি নগরের খরবোনা এলাকার শাহজাহান আলীর ছেলে।
শাহজামালের বড় ভাই শফিকুল ইসলাম জানান, তাঁরা তিন ভাইয়ের মধ্যে শাহজামাল সবার ছোট। নিউমার্কেটের গেটে তাঁর একটি পানের দোকান ছিল। ভালো ব্যবসা হতো। কিন্তু হঠাৎ কী মনে করে তিনি সেই দোকানটি ছেড়ে দিলেন। এরপর একটি অটোরিকশার গ্যারেজে কাজ নেন। সেখানেও ঠিকমতো কাজ করতেন না। সারা রাত বাইরে থেকে ভোরে বাসায় ফিরতেন। এরপর দুপুর পর্যন্ত ঘুমাতেন।
শফিকুল বলেন, আইপিএল নিয়ে বাজিতে তাঁর ভাই অসংখ্যবার হেরেছেন, আবার জিতেছেনও। জিতে একটি মোটরসাইকেলও কেনেন। একদিন বাড়ির বারান্দায় বসে মুঠোফোনে বাজি ধরে ১ লাখ ৩০ হাজার টাকা খোয়ান। পরে মোটরসাইকেলটি বিক্রি করে সেই টাকা দিতে হলো।
শফিকুলের বর্ণনা অনুযায়ী, শনিবার রাত নয়টার দিকে শাহজামাল বাড়িতে যান। তাঁর মা ভাত খেতে বললে তিনি পরে খাবেন বলে বেরিয়ে যান। ফিরতে দেরি হবে বলে মায়ের কাছ থেকে ঘরের চাবি নিয়ে যান। তাঁর স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এ কারণে শাহজামাল ঠিক কখন বাড়িতে ফেরেন, তা কেউ জানতে পারেননি। নিয়ম অনুযায়ী রোববারও দুপুর পর্যন্ত তিনি ঘুমিয়েছিলেন। কিন্তু দুপুর পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে আর না জাগায় তাঁর মা তাঁরই (শাহজামাল) বড় ছেলে সিয়ামকে (১০) বলেন বাবাকে ডেকে তুলতে। সিয়াম ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেও বাবাকে জাগাতে পারেনি। একপর্যায়ে সে দরজা বেয়ে ওপরে উঠে চৌকাঠের ফাঁক দিয়ে দেখে, তার বাবা বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজামালের লাশ উদ্ধার করে। পরিবারের কারও কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রোববার রাতে তাঁর লাশ দাফন করা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী বলেন, তিনি যতটুকু শুনেছেন,Ñ শাহজামাল এর আগের আইপিএলগুলোতে বাজি ধরে বেশ কিছু টাকা কামিয়েছেন। কিন্তু এবার তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এ নিয়ে বিরোধের জেরে তিন মাস আগে তাঁর স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।
আরমান আলী জানান, তিনি একটি ছাত্রাবাস চালান। বাজিতে হেরে টাকা দিতে না পেরে অনেক ছাত্র সেই ছাত্রাবাস ছেড়ে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আইপিএল নিয়ে বাজি মানুষকে শেষ করে দিল।’
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরের বিভিন্ন মোড়ের দোকানগুলোতে আইপিএল নিয়ে বাজি ধরা হয়। যাঁরা পরিচিত বাজিগর, তাঁরা মুঠোফোনের মাধ্যমে বাজি ধরেন। আর যাঁরা নতুন তাঁরা নগদ টাকা জমা দিয়ে বাজি ধরেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, শাহজামাল শুধু আইপিএল নিয়ে বাজি নয়, বরাবরই জুয়া খেলতেন। ব্যবসার টাকাপয়সা নষ্ট করেছেন। অনেকটা অনটনের মধ্যে পড়ে যান।
ওসি বলেন, আইপিএল নিয়ে বাজি পৃথিবীজুড়েই হচ্ছে। রাজশাহীতে যাঁরা করছেন, তাঁদের ধরে ফেলা হবে। তবে এ জন্য একটু সময় লাগবে। কারণ, অপরাধটির ধরন নতুন।