আইবিএ ইনভিটেশনাল ডিবেটের সমাপনী
যৌক্তিক চিন্তাধারা এবং তার বহিঃপ্রকাশ প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত আবশ্যক একটি গুণ; আর তাই অজস্র দর্শকের সামনে দেশের তুখোড় ছাত্রছাত্রীদের যুক্তি প্রদর্শনের প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তই থাকে উত্তেজনায় ভরপুর। ‘চিন্তা, বহিঃপ্রকাশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘আইবিএ ইনভিটেশনাল ডিবেট ২০১২’ শেষ হয় গত বৃহস্পতিবার রাতে। যুক্তির এই লড়াইয়ে অংশ নেন দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন ও কোটস বাংলাদেশ এবং সার্বিক সহায়তায় ছিল প্রথম আলো। আইবিএ কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি) এ প্রতিযোগিতার আয়োজক। এই বছর প্রথমবারের মতো আইবিএসিসি বাংলা এবং ইংরেজি উভয় ধরনের বিতর্কের আয়োজন করে। ইংরেজি বিতর্কে জয়ী হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ইংরেজি বিতর্কের সেরা বিতার্কিক নির্বাচিত হন গাউসে শাহরিয়ার। বাংলা বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল, ‘কঠোর আইনই ইন্টারনেট এবং বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায়। এ বিতর্কে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। বাংলা বিতর্কের সেরা বিতার্কিক নির্বাচিত হন আরিফুল হক। আইবিএ প্রাঙ্গণে বিতর্ক অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সহিদ আখতার হোসাইন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক জি এম চৌধুরী।