আইবিএ মানবাধিকার পুরস্কার পেলেন আদিলুর রহমান
চলতি বছরের ‘ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন (আইবিএ) হিউম্যান রাইটস’ পুরস্কার পেলেন বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান। আইবিএর ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার জাপানে সপ্তাহব্যাপী আইবিএর বার্ষিক সম্মেলনের শেষ দিনে আন্তর্জাতিক আইনবিষয়ক আলোচনায় আদিলুর রহমান খানকে আইবিএ হিউম্যান রাইটস পুরস্কার দেওয়া হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সংগঠনটির প্রেসিডেন্ট মাইকেল রেনল্ডস।
পুরস্কার পাওয়ার পর আদিলুর রহমান খান আইবিএর প্রায় ২০০ প্রতিনিধির সামনে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমার দেশে আইনের শাসন গুরুতর হুমকির শিকার। মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য বিচার পাওয়ার অধিকার দুরূহ। দেশে উৎপীড়নমূলক আইন বিদ্যমান এবং রাষ্ট্রের সংস্থাগুলোর রাজনৈতিকীকরণ চলায় বিচার বিভাগীয় স্বাধীনতা আক্রমণের শিকার। বাংলাদেশে এখন প্রতিটি মানুষ তাঁর জীবন নিয়ে সংশয়ে।’
আইবিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিলুর রহমান খান তাঁর কর্মজীবনে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, গুম, নারী নির্যাতন ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন।