রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে এমবিএ ডিগ্রি কোর্সে ভর্তি পরীক্ষায় অনিয়ম হয়েছে। পছন্দের শিক্ষার্থীদের সুযোগ করে দিতে আবেদনের নির্ধারিত তারিখের পরও ফরম বিতরণ ও গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে পরীক্ষা কমিটির এক সদস্য ইনস্টিটিউটের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকেও দিয়েছেন। এ ছাড়া পুরো ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় একজন সদস্য নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিলেও আগামী রোববার থেকে শিক্ষার্থী ভর্তি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) সূত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে এমবিএ ফর বিবিএ স্নাতক ডিগ্রিধারীদের ষষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষার জন্য দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৯ সেপ্টেম্বর। নির্ধারিত তারিখের মধ্যে ১৩৮ জন শিক্ষার্থী আবেদন করেন। নির্ধারিত তারিখের পর ২২ সেপ্টেম্বর পর্যন্ত আরও ২৩ জন শিক্ষার্থী আবেদন করেন। গত বুধবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষা কমিটির এক সদস্য অভিযোগ করেন, পরে আবেদন করা ওই ২৩ শিক্ষার্থীর মধ্যে থেকে আটজনকে অনিয়ম করে চূড়ান্ত ফলাফলে স্থান দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভর্তি পরীক্ষা কমিটির একজন সদস্যের সহযোগিতায় একজন আবেদনকারী দুবার আবেদন করেন, যা ভর্তি পরীক্ষার আইনে গ্রহণযোগ্য নয়। ওই আবেদনকারী প্রথমে আবেদন করলে তাঁর রোল নম্বর হয় ১২৪। কিন্তু আবার একই শিক্ষার্থী সব শেষে আবেদন করলে তাঁর রোল হয় ১৫৭। এই রোল নম্বরের শিক্ষার্থীকে ভর্তির জন্য বিবেচিত করা হয়েছে।
আইবিএর পরিচালক অভিনয় চন্দ্র সাহা বলেন, ‘আবেদনের সময় দুদিন হরতাল থাকায় সবার মতামত নিয়ে আবেদন গ্রহণের সময় বাড়িয়ে দেওয়া হয়।’ অভিযোগের বিষয়গুলো নিয়ে ইনস্টিটিউটের সবাই বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।