আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার চার দিন পর ২৪ আগস্ট তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল।
এ ছাড়া আজ বাদ আসর আইভি কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২-এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল সাড়ে নয়টায় বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে। বাসস।