আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভি রহমান।
আইভি রহমান।

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান আইভি রহমান। ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি। আহত অবস্থায় চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবে আইভি রহমানের জন্ম। তাঁর বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। আইভি রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান বর্তমানে কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও। আইভি রহমানের দুই মেয়ে তানিয়া বাখ্ত ও তনিমা রহমান।

রাজনীতি ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভি রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি।