আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি মারা যান। ওই বর্বরোচিত গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতা-কর্মী আহত হন। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সকাল ১০টা ৪০ মিনিটে বনানী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন। আইভি রহমান এবং ২১ আগস্টের বর্বরোচিত হামলায় নিহত অপর ২৩ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এ সময় বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসানসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজন এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজি আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাষ্ট্রপতি ও অন্য নেতারা ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও জেলখানায় নিহত জাতীয় চার নেতার কবর জিয়ারত করেন। বাংলাদেশ আওয়ামী লীগ বেলা ১১টায় আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সংগঠনের নেতারা পৃথকভাবে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাসস।