আইভী ও সাখাওয়াতের পক্ষে মাঠে নামলেন স্থানীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর পক্ষে এবার গণসংযোগে নামলেন নিজ নিজ দলের স্থানীয় নেতারা। ঢাকা থেকে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা তো আছেনই।
গতকাল সোমবার দিনভর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দুই দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পদচারণে সরগরম ছিল নির্বাচনী প্রচার। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় নগরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, কোথাও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। ২৭টি ওয়ার্ডে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকাল থেকে নগরের কোতোয়ালি থানা এলাকায় মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খানের গণসংযোগ চোখে পড়ে। এত দিন এই দুই দলের প্রার্থীর গণসংযোগে স্থানীয় প্রভাবশালী নেতাদের সেভাবে দেখা যায়নি। নারায়ণগঞ্জে রাজনীতিতে অনেকটাই অপরিচিত বিএনপির প্রার্থী সাখাওয়াতের সঙ্গে নেতাদের উপস্থিতি ছিল না বললেই চলে।
অবশ্য আওয়ামী লীগের জেলা কমিটির ভাইস চেয়ারম্যান সেলিনা হায়াৎ আইভীর সমর্থক নেতা-কর্মী ও সমর্থকদের সব সময় প্রচার-প্রচারণায় দেখা যেত। গতকালের গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকেই দেখা গেছে। যাঁদের এর আগে দেখা যায়নি।
গতকাল সকালে শহরের জামতলার হায়দার আলী সড়কে সাংসদ শামীম ওসমানের শ্বশুরবাড়ি গিয়ে ভোট চান আইভী। আইভীকে স্বাগত জানান শামীম ওসমানের শাশুড়ি সামসুন নাহার। এরপর আইভী জামতলা, মাসদাইর, ইসদাইর ও গলাচিপা এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। ইসদাইরে আওয়ামী লীগের নেতা ইব্রাহিম চেঙ্গিসকে দেখা যায়। ইব্রাহিম নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। প্রচারে থাকা স্থানীয় দুজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের নেতা শামীম ওসমান। তিনি তাঁদের আইভীর গণসংযোগে নামতে বলেছেন।
জানতে চাইলে ইব্রাহিম চেঙ্গিস প্রথম আলোকে বলেন, আইভী আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রতীকের প্রার্থী। তাঁর পক্ষে সবাই কাজ শুরু করেছেন। ভোটের আরও কয়েক দিন বাকি আছে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগের সব নেতাই নৌকার পক্ষে মাঠে থাকবেন।
আইভী বিকেলে ১৫ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া, টানবাজার, সাহাপাড়া ও সুতাপট্টি এলাকায় গণসংযোগ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি যেখানে যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। উৎসবের আমেজ বিরাজ করছে।’
আইভীর পক্ষে স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও গণসংযোগ করেন। তাঁদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন ও মারুফা আক্তার, সহসম্পাদক ইসহাক আলী খান প্রমুখ।
বিএনপির প্রার্থী সাখাওয়াতের পক্ষে গতকাল মাঠে নামেন নারায়ণগঞ্জ বিএনপির প্রভাবশালী নেতা তৈমুর আলম খন্দকার। তিনি দলের জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ধানের শীষের প্রার্থীর পক্ষে জোরেশোরে মাঠে নামার নির্দেশ দেন তিনি। এ ছাড়া সাখাওয়াতের সঙ্গে বিএনপির বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাদের গণসংযোগে দেখা গেছে। সাখাওয়াত হোসেন গতকাল চারারগাঁও, কালীর বাজার, আমলাপাড়া ও খানপুর এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চান। গণসংযোগের একপর্যায়ে সাখাওয়াত সাংবাদিকদের বলেন, আইভীর উন্নয়নের ফিরিস্তি ‘ফাঁকা বুলি’ ছাড়া আর কিছুই নয়। সিটি করপোরেশন ও পৌর মেয়র হিসেবে আইভী ১৩ বছর দায়িত্ব পালন করেছেন। মানুষ পরিবর্তন চায়।
বিএনপির কেন্দ্রীয় নেতারা গতকালও দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস তালুকদার নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তাঁরা নাগরিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও সেনা মোতায়েনের দাবি তোলেন।
আইভীর নির্বাচনী ক্যাম্প ভাঙার অভিযোগ: ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুল এলাকায় রোববার বিকেলে আইভীর নির্বাচনী ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে ওই এলাকার কাউন্সিলর প্রার্থী আলী হোসেনের লোকজনের বিরুদ্ধে। আলী হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শামীম ওসমানের অনুসারী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সেলিম মজুমদার গণমাধ্যমকে জানান, কদমতলী পুল এলাকায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কার্যালয়কে আইভীর নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প করার উদ্যোগ নেন। রোববার দুপুরে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী হোসেনের লোকজন ওই নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলে।
আলী হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, সেলিম মজুমদার ও আবুল কালাম (যুবলীগ নেতা) নিজেদের আওয়ামী লীগের নেতা পরিচয় দিলেও তাঁরা বিতর্কিত। তাঁরা বিএনপির কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন, এ জন্য তাঁদের ক্যাম্প করতে দেওয়া হয়নি।