আইভী দায়িত্ব নিচ্ছেন আজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়া ৎ আইভী আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার নগর ভবনে দায়িত্ব নিচ্ছেন। এ উপলক্ষে নগর ভবনে সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি করপোরেশন।আইভী গতকাল বুধবার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনকেই দায়িত্ব গ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছি। আমার নিজের কোনো আনুষ্ঠানিকতা নেই। সকাল ১০টার পর বাসা থেকে হেঁটেই নগর ভবনে রওনা দেব।’সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী বলেন, নগর ভবনে এলে নবনির্বাচিত মেয়রকে প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরা ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপর প্রশাসক শাহ কামাল ও নবনির্বাচিত মেয়র সেলিনা হায়া ৎ আইভী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উপস্থিত নাগরিকেরা গত ২৭ জুন থেকে অদ্যাবধি সরকার-নিযুক্ত প্রশাসকের সময়ে সিটি করপোরেশনের কর্মকাণ্ড, আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি আছে।’জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাঈনুর রহমান জানান, সিটি মেয়রের প্রটোকল-সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো জেলা পুলিশের কাছে পৌঁছায়নি। তবে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে এরই মধ্যে সিটি মেয়রের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বাসায় নিরাপত্তা প্রহরী, বাসার বাইরে চলাচলের সময় সাদা পোশাকে গানম্যান ছাড়াও পুলিশি প্রটোকল দেওয়া হচ্ছে।গত ৩০ অক্টোবর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হন সেলিনা হায়া ৎ আইভী।