
রাজধানীর হাতিরঝিলের মতো প্রকল্প বাস্তবায়ন করতে চান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। গতকাল শনিবার রাজধানীতে নগর পরিকল্পনাবিদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) মিলনায়তনে এক সেমিনারে তিনি তাঁর এ স্বপ্নের কথা বলেন।
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইভী বলেন, নারায়ণগঞ্জকে ঘিরে আছে সাতটি নদী। সেখানে পুকুরসহ প্রচুর জলাশয় আছে। কিন্তু তা রক্ষা করা যাচ্ছে না। তিনি বলেন, ‘এগুলো রক্ষার চেষ্টা করছি। হাতিরঝিল ঘুরে দেখার পর মনে হলো নারায়ণগঞ্জে তো এ রকম কিছু একটা করা যায়। জানি, এক দিনে আমার শহরকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া বানাতে পারব না। কিন্তু ৪০ বছরে নিশ্চয়ই পারব। আমি সেই লক্ষ্যে কাজ করছি।’
নারায়ণগঞ্জের জন্য ৫, ১০, ১৫ ও ২৫ বছরের জন্য পরিকল্পনা করেছেন জানিয়ে আইভী বলেন, তিনি তাঁর শহরকে সুন্দরভাবে সাজাতে চান। কিন্তু রাজনৈতিক বাধার কারণে তা করতে পারছেন না। দ্বিতীয় কারণ, অর্থের অভাব। তৃতীয় কারণ, জনবলও নেই। তিনি বলেন, ‘যখনই কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি, তখনই হয় কোনো প্রভাবশালী ব্যক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে, না হয় আমাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’
বিশ্ব নগর পরিকল্পনা দিবসে এ বছরের প্রতিপাদ্য, ‘সমতাভিত্তিক নগর ও সামাজিক সম্প্রীতি।’ সেমিনারে স্বাগত বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ আকতার মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল্লাহ, বিআইপির সভাপতি গোলাম রহমান প্রমুখ।
সেমিনারের আয়োজকেরা সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো নির্বাচনী ইশতেহার অনুযায়ী অনতিবিলম্বে কৃষিভূমি, জলাভূমি ও পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত নগর উন্নয়নের জন্য জাতীয় ভৌত পরিকল্পনা প্রণয়ন করা; ১১টি সিটি করপোরেশন ও ৩২৪টি পৌরসভাসহ সব কটি নগরে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল নিয়ে ‘নগর পরিকল্পনা বিভাগ’ চালু করা; প্রতিটি শহরের ওয়ার্ডগুলোকে নগর ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা এবং ‘নগর পরিকল্পনাবিদ’ নামে পৃথক ক্যাডার সৃষ্টি করা।