আইভীকে অভিনন্দন আর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একনজর দেখার জন্য দূরদূরান্ত থেকে শত শত মানুষ তাঁর বাসায় ভিড় জমান। তাঁরা আইভীকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। অনেকে আইভীকে জড়িয়ে ধরেন। আবার অনেকে তাঁকে জড়িয়ে ধরে আনন্দে চোখের জল ফেলেন।উচ্ছ্বাস প্রকাশ করে কেউ বলেছেন, ‘মা, দোয়া করি, তুমি অনেক বড় হও।’ এ সময় মেয়র আইভীও তাঁদের বলেন, ‘আপনাদের ঋণের কথা আমি কোনো দিনও ভুলব না। আমি সব সময় আপনাদের পাশে থাকব।’ বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার বাসিন্দা আহসান উল্লাহ বলেন, ‘বাবা আলী আহাম্মেদ চুনকার মতোই হয়েছেন আইভী। বাবা যেমন সততা ও নিষ্ঠার সঙ্গে দাপট নিয়ে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, আইভীও বিগত আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করেছেন। এখন ওঁর হাতে (আইভী) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব দিয়েছে নারায়ণগঞ্জবাসী।’সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব রাহেলা খাতুন বলেন, ‘আইভী আমাদের গর্ব। তাই শুধু আইভীকে একনজর দেখার জন্য তাঁর বাসায় ছুটে এসেছি। দোয়া করেছি, তুমি অনেক বড় হবে। আমার অনেক ভালো লাগছে।’ এ রকম অনূভূতি প্রকাশ করেছেন রাহেলা খাতুনের মতো অনেকেই। এ ছাড়া সেলিনা হায়াৎ আইভীকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা তাঁকে শুভেচ্ছা জানান। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলমের নেতৃত্বে নেতারা আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া সন্ধ্যায় খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া সুধীজন পাঠাগার আইভীকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছে।মেয়র সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর থেকে হাজার হাজার মানুষ আমাকে একনজর দেখার জন্য বাসায় আসছে। আমি তাদের আমার সাধ্য অনুযায়ী সময় দিচ্ছি। দূরদূরান্তে থাকা মানুষগুলো আমাকে জড়িয়ে ধরে আনন্দে উল্লাস প্রকাশ করেছে। তাদের চাওয়া-পাওয়া এর চেয়ে বেশি কিছু নয়।’ তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দিকনির্দেশনা দিয়েছেন।