আইভীকে প্রধান অতিথি করায় তিন শ্রমিকনেতাকে আসামি!
নারায়ণগঞ্জ জেলা মোটরস ওয়ার্কশপ মেকানিকস ইউনিয়নের শহর শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তালুকদার ও মোটরযান মেকানিক্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনকে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় পুলিশের মামলায় আসামি করা হয়েছে।মেকানিকস ইউনিয়ন নেতাদের অভিযোগ, মহান মে দিবস উপলক্ষে ৫ মে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মেকানিকস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রধান অতিথি করায় পুলিশ তাঁদের আসামি করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করা হয়। মোটরস ওয়ার্কশপ মেকানিকস ইউনিয়নের শহর শাখার কার্যকরী সভাপতি দীপঙ্কর হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহসভাপতি রফিউর রাব্বি, জেলা বাসদের সমন্বয়ক আবু নাঈম খান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মেকানিকস ইউনিয়নের নেতা মিজানুর রহমান, ওয়াহিদুল ইসলাম, আবদুর রউফ প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ মের শ্রমিক সমাবেশে মেয়র আইভীকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বানচাল করতে একটি বিশেষ মহল অনুষ্ঠানের আগে মেকানিকস ইউনিয়নের নেতাদের নামে মিথ্যা মামলা দিলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। সবশেষে গত শনিবার নারায়ণগঞ্জ রেলস্টেশনে স্থাপনা উচ্ছেদ অভিযানে সংঘটিত ঘটনায় পুলিশের করা মামলায় ১৩ জন আসামির মধ্যে মেকানিকস ইউনিয়নের তিনজন নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।মোটর মেকানিকসদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। সমাবেশে ন্যাপের নেতা আইনজীবী আওলাদ হোসেন ওই মামলায় বিনা পয়সায় আইনি সহায়তা দেবেন বলে আশ্বাস দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। মামলার ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, পুলিশ প্রাথমিকভাবে যাঁদের নাম পেয়েছে, তাঁদেরই আসামি করেছে।