আইভীর দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে পাল্টা কর্মসূচি শামীম ওসমানের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর দায়িত্ব নেওয়ার প্রথম বর্ষপূর্তির দিনে পাল্টা কর্মসূচি দিয়েছেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান।সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর জামায়াত-শিবিরের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধে শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন শামীম ওসমান। এ ছাড়া, ডিসেম্বর মাসজুড়ে সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে শামীম ওসমানের অনুগত আওয়ামী লীগের নেতা-কর্মীদের এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।গত বছরের ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে আগামী ১ ডিসেম্বর নগর ভবন ও বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরপর শামীম ওসমানের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শামীম ওসমানের সভায় স্থানীয় আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতা যোগ দেননি।গত বছর সেলিনা হায়াৎ আইভীর দায়িত্ব গ্রহণের দিনে নগরে সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছিলেন শামীম ওসমান। পরে সংঘাত এড়াতে পুলিশের চাপে শামীম ওসমান তাঁর কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন।