নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। দিন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে প্রার্থী-সমর্থকদের উত্তেজনা।সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাল নির্বাচনী প্রচারণায় নেমেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম। তিনি বলেছেন, এই নির্বাচনে আইভীই জিতবেন।আর শামীম ওসমানের পক্ষে কাল প্রচারণা চালাতে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। জাফর উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘শামীম ওসমানই আওয়ামী লীগের প্রার্থী। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলের একাধিক প্রার্থী থাকতে পারে। এটাই গণতন্ত্র।নির্বাচনী প্রচারণার সময় শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘আমাকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। আমার ছোট বোন আইভীও আওয়ামী লীগ করে। ভেবেছিলাম, সে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। কিন্তু আইভী সরে যেতে চাইলেও কেউ কেউ তাকে তা করতে দিচ্ছে না।’সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানের মন্তব্যকে নাকচ করে দিয়ে বলেছেন, ‘আমার সঙ্গে জনগণ আছে। জনচাপেই নির্বাচন করছি। তাই নির্বাচনের মাঠ ছাড়ার প্রশ্নই অসে না। ভীতসন্ত্রস্ত হয়ে অনেকেই পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আমি নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করার যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে জনগণের বিজয় সুনিশ্চিত।’আইভীর পক্ষে আকরাম: সাবেক সাংসদ এস এম আকরাম আইভীকে সঙ্গে নিয়ে শহরের আমলাপাড়া, ফলপট্টি, মাছুয়াবাজার, প্রেসিডেন্ট রোড, এস এম মালেহ রোড, কালীরবাজার, ২ নম্বর ও ১ নম্বর রেলগেট, র্যালি বাগান, নয়ামাটি হোসিয়ারি শিল্প এলাকা ও দেওভোগ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকেলে তিনি জালকুড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় সঙ্গে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেদ, যুবলীগের সভাপতি আবদুল কাদির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।আইভীর পক্ষে নামার কারণ হিসেবে এস এম আকরাম সাংবাদিকদের বলেন, ‘যেভাবে শামীম ওসমানকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে, তা শিষ্ঠাচার ও নিয়মবহির্ভূত। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে আমি কিছুই জানি না। দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব উল আলম হানিফ হঠাৎ ঘোষণা দিলেন, শামীম ওসমান দলের সমর্থিত প্রার্থী। দলীয় ফোরামে কোনো আলোচনা না করে তিনি কীভাবে এই ঘোষণা দিলেন, তা আমরা জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি সৎ ও ভালো মানুষের পক্ষে। তাই আইভীর পক্ষে নেমেছি। আমার ওপর দলের কোনো চাপ নেই। আমি মনে করি, জনগণ আইভীর সঙ্গে আছে। ৩০ অক্টোবর সেটাই প্রমাণিত হবে।’শামীমের পক্ষে প্রচারণা: শামীম ওসমানের পৈতৃক নিবাস ‘হীরা মহলে’ উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম। বক্তব্য দেন কাজী জাফর উল্লাহ ও আবুল হাসানাত আবদুল্লাহ, বাহাউদ্দিন নাছিম, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, সাংসদ নাসিম ওসমান ও নজরুল ইসলাম প্রমুখ।এদিকে তরিকত ফেডারেশন শামীম ওসমানকে সমর্থন দিয়েছে। কাল সকালে হীরা মহলে আয়োজিত এক উঠোন বৈঠকে এ সমর্থন ঘোষণা করেন তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল বশর মাইজভাণ্ডারী।তৈমুরের গণসংযোগ: বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার সকালে সেলুন-মালিক সমিতি ও নারায়ণগঞ্জে অবস্থিত বিক্রমপুর সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় আনারস প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।তৈমুর আলম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের মাঠে আমাদের অবস্থান অত্যন্ত সুসংহত। বিষয়টি বুঝতে পেরে প্রতিপক্ষ নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আমরা কোনোভাবেই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াব না।’