আইভীর বিজয় ৪০ বছরের রাজনীতিতে পরিবর্তন আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর বিজয় গত ৪০ বছরের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এই মন্তব্য করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে বিএনপির পলায়নপর রাজনীতির পরাজয় হয়েছে। এ ধরনের রাজনীতির পরাজয় ভবিষ্যতেও হবে। সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগকেও এই নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। তৃণমূলের চিন্তাভাবনা বুঝে প্রার্থীকে সমর্থন বা মনোনয়ন দিতে হবে। আওয়ামী লীগের বিকল্প বিএনপি বা জামায়াত নয়। আওয়ামী লীগের বিকল্প সৎ, নিষ্ঠাবান, জনগণের পক্ষে কথা বলার নেতৃত্ব। তিনি জেল হত্যা দিবস সামনে রেখে আপিল বিভাগ থেকে নির্দেশনা নিয়ে এই মামলার বিচার নতুনভাবে শুরু করার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তারানা হালিম বক্তব্য দেন।