নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভাই, ভাগনেসহ চারজনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজকে অপহরণের ঘটনায় করা মামলায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
আসামিরা হলেন আইভীর ভাই নারায়ণগঞ্জ নগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা, বোনের ছেলে মিনহাজুল কাদির (জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরের ছেলে), ঘনিষ্ঠ আত্মীয় চিত্রশিল্পী রেজাউল ইসলাম ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেঞ্চদের ছেলে বাবরাক কারমেল।
গত বছরের ৬ জুলাই ঢাকার গুলশানের একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা শেষে বের হওয়ার পর পারভেজকে তাঁর স্ত্রীর সামনেই ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। দুই মাস পর পারভেজের স্ত্রী খুরশীদ জাহান গুলশান থানায় অপহরণ ও গুমের মামলা করেন। পারভেজ আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।
শামীম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত জানুয়ারি মাসে মেয়র আইভীর সমর্থক যুবলীগের নেতা আবু সুফিয়ানসহ তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। এ মামলার অন্য আসামিরা হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। আসামিরা ১৩ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির হলে আদালত ওই চারজনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি দুঃখজনক উল্লেখ করে নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি। তা ছাড়া আহমেদ আলী রেজা অসুস্থ। সম্প্রতি তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে। রাজনৈতিক কারণে নারায়ণগঞ্জের প্রভাবশালী একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের মামলায় জড়িয়েছে।’
মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখা যাবে না। কোনো অপশক্তির সঙ্গে আপস করব না।’
ত্বকী মঞ্চের সমাবেশ: মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর সব খুনি ও হত্যার নির্দেশদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে এবং পারভেজ গুমের ঘটনায় করা মামলার প্রতিবাদে সমাবেশ করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
কাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের ডিআইটি চত্বরে ওই সমাবেশ হবে। সমাবেশে বক্তব্য দেবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।