আইলা-দুর্গতদের ঋণের সুদ মওকুফের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আইলা-দুর্গত দাকোপ উপজেলাবাসীর সরকারি বিভিন্ন ব্যাংক ও প্রকল্প থেকে নেওয়া ঋণের সুদ মওকুফ এবং পুনরায় ঋণ প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চালনা ডাকবাংলো চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার ছোবলে দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়ন দুটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। এলাকার মাত্র ১০ শতাংশ জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে। বাকি ৯০ শতাংশ জমি অর্থাভাবে চাষাবাদের বাইরে আছে। তাই দুর্গত এলাকার কৃষক তথা মানুষকে বাঁচাতে সব ধরনের ঋণের সুদ মওকুফ করতে হবে। পাশাপাশি নতুন ঋণ প্রদান করতে হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ঋণ আন্দোলন কমিটির সভাপতি সমারেশ ঘরামী, মিহির রায়, লুৎফর রহমান ও অসিত রায়।