আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণসহ ১১ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় বেড়িবাঁধ ব্যবস্থাপনায় স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন, বেড়িবাঁধের অভ্যন্তরে লোনাপানি ঢোকানো নিষিদ্ধ করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জোয়ারাধার প্রতিষ্ঠাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি রোধে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণের দাবিতে গতকাল শনিবার খুলনার ‘দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সম্মেলন’ অনুষ্ঠিত হয়। নগরের বিভাগীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে আইলা-দুর্গত এলাকার সাংসদ সোহরাব আলী, সাংসদ ননী গোপাল মণ্ডল ও সাংসদ নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুদ্দীন শাহ্্, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাখনলাল দাশ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জমিরউদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।সম্মেলন শেষে অংশগ্রহণকারী আইলা-দুর্গত জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক আন্দোলনের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক ও উন্নয়নকর্মীদের মতামতসংবলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে উপকূলীয় গ্রামীণ জীবনযাত্রা রক্ষায় ১১ দফা ‘খুলনা ঘোষণা’ গ্রহণ করা হয়।সম্মেলনে খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, উপকূলীয় বেড়িবাঁধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশের অপূরণীয় ক্ষতি হলেও এখন দুর্যোগের ঝুঁকি থেকে উপকূল রক্ষা করতে হলে বেড়িবাঁধ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দুর্নীতিপরায়ণ পানি উন্নয়ন বোর্ডের কারণে এ বেড়িবাঁধগুলো রক্ষা করা যাচ্ছে না। খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী সানা বলেন, রাষ্ট্র কাঠামোয় যাঁরা দায়িত্ব পালন করেন, তাঁরা দেশপ্রেমিক হলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের দুুর্যোগ ঝুঁকি অনেকাংশে কমে যেত। সম্মেলনে সর্বসম্মতভাবে খুলনা ঘোষণা সরকারের কাছে বাস্তবায়নের দাবি জানিয়ে এবং উপকূলীয় দুর্যোগ-দুর্গত জনগণের স্থায়িত্বশীল উন্নয়নে সহায়তা করার আহ্বান জানানো হয়।