আইলাদুর্গত ৬০ হাজার মানুষ এখনো রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রায় আইলায় বিধ্বস্ত বাঁধ মেরামতের কাজ এখনো শুরু হয়নি। এ কারণে উপজেলার ছয়টি ইউনিয়নেই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ফলে বসতভিটা ছেড়ে রাস্তায় ঠাঁই নেওয়া উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। অনেক পরিবার অন্যত্র চলে গেছে। অনেক বিদ্যালয় পানিতে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চলছে পার্শ্ববর্তী কোনো স্থানে অথবা বাঁধের ওপর পলিথিনের ছাউনির নিচে।পাউবো সূত্র জানায়, আইলায় উপজেলার ছয়টি ইউনিয়নের কয়েকটি স্থানে প্রায় সাড়ে ২২ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং ৫৮ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।১ নম্বর কয়রা গ্রামের রাস্তায় বসবাসকারী গৃহবধূ শিল্পীয়ারা বেগম বলেন, ‘আইলার পর থেকে বাড়ির সামনে রাস্তার ওপর পরিবার নিয়ে বসবাস করছি। এ পর্যন্ত চার বার ২০ কেজি করে চাল পেয়েছি।’ একই ধরনের কথা জানালেন ওই রাস্তায় আশ্রয় নেওয়া আজিমুদ্দীন শেখ, স্বরবানু বিবি, মোংলা শেখসহ আরও অনেকে।৪ নম্বর কয়রা গ্রামের নাজু মোল্লার পরিবারসহ প্রায় ২৫টি পরিবার আইলার পর থেকে তাদের বাড়ির সামনের রাস্তায় বসবাস করছে। নাজু মোল্লা বলেন, এলাকায় কাজ নেই, ঘরে খাবার নেই। খাওয়ার পানি আনতে হচ্ছে প্রায় পাঁচ মাইল দূর থেকে।মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আইলায় ভেঙে যাওয়া বাঁধের পাশের রাস্তায় বসবাসকারী জয়দেব মণ্ডল বলেন, আইলার পর থেকে আমার পরিবারসহ শত শত পরিবার রাস্তার ওপর বসবাস করছে। কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম মোহসিন রেজা বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্য ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি। তারা দ্রুত মেরামতের কাজ শুরু করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না।’পাউবোর সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ওই ২২ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য ঠিকাদারদের সপ্তাহখানেক আগে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এখনো কাজ শুরু করেননি। অবিলম্বে কাজ শুরু না করলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।