আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের বিশাল অংশ ডুবে যাবে—এমন আশঙ্কা সরকার ও বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। কিন্তু আইলার কারণে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামত হচ্ছে না। খুলনা ও সাতক্ষীরা জেলার বিধ্বস্ত বেড়িবাঁধের ছয়টি স্থান দিয়ে জোয়ারের পানি বসতি এলাকায় ঢুকছে। এতে কয়েক লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। এসব বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে।গতকাল শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্স সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘আইলায় আক্রান্ত উপকূলীয় অঞ্চলে আতঙ্ক: বাঁধ ব্যবস্থাপনায় নতুন বিপর্যয়ের আগাম ধ্বনি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ কথা বলেছেন। পিপিআরসি ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হোসেন জিল্লুর রহমান এবং ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিডিআই) পরিচালক সৈয়দ হাসমি আইলাবিধ্বস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন।হোসেন জিল্লুর বলেন, খুলনা-সাতক্ষীরায় আইলাবিধ্বস্ত বেড়িবাঁধের ওপর এখনো ৪৩ হাজার মানুষ বসবাস করছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এক লাখ ৬৮ হাজার ৭৯১ জন ও আশাশুনিতে ৫৭ হাজার ৯০০ জন এবং খুলনার কয়রায় ৮৯ হাজার ৭০০ জন ঝুঁকির মুখে আছে। এসব মানুষকে আপাতত বিপদমুক্ত করতে বেড়িবাঁধগুলো মেরামতের সুপারিশ করে তিনি বলেন, এই এলাকার আড়াই লাখ মানুষ সুপেয় পানির চরম সংকটের মধ্যে আছে।কোপেনহেগেনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করতে গিয়ে হোসেন জিল্লুর বলেন, বাংলাদেশকে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বা টুভালুর মতো ডুবে যাওয়ার আশঙ্কার কথা ভাবা উচিত নয়। দেশের উপকূলীয় জনগণ নিজস্ব জ্ঞান ব্যবহার করে কীভাবে দুর্যোগ মোকাবিলা করছে, জোয়ার-ভাটার মাধ্যমে জমি উঁচু করছে, তা বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। সৈয়দ হাসমি বলেন, এনজিওগুলো খানা ও পরিবারভিত্তিক দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছে। কিন্তু উপকূল রক্ষা করে কীভাবে সেখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায় তা ভাবতে হবে।