আইলায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার ২০ হাজার করে টাকা পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসেই খুলনা ও সাতক্ষীরায় আইলায় ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত ৪৮ হাজার পরিবার গৃহ নির্মাণে অর্থসহায়তা পাচ্ছে। খাদ্য, দুর্যোগ ও ত্রাণবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি খুলনা ও সাতক্ষীরার জেলা প্রশাসন বরাবর এ খাতের জন্য বরাদ্দকৃত ৯৬ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বরাদ্দ থেকে প্রতি পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য কথা জানা গেছে।এর আগে গৃহ নির্মাণের অর্থ হস্তান্তরের জন্য তালিকাভুক্ত ৪৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছিল খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়। জনতা ও অগ্রণী ব্যাংকে বেশির ভাগ পরিবারের নামে হিসাব খোলা হয়ে গেছে বলে সাতক্ষীরা ও খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ হস্তান্তর করতে আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। তবে তাঁর সফরের তারিখ এখনো সুনির্দিষ্ট করা হয়নি। সূত্র জানায়, গৃহনির্মাণ বাবদ দেওয়া অর্থের মধ্যে ১২ হাজার টাকা বাঁশ কেনা ও ঘর বানানোর কাজের জন্য দেওয়া হবে। বাকি আট হাজার টাকা টিন কেনার জন্য দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের নির্দেশে ওই টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ব্যাংক থেকে তুলতে পারবেন। শুরুতে সহায়তার টাকা নগদে দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও দুর্নীতি হওয়ার আশঙ্কায় তা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধির সমন্বয়ে গঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রাথমিকভাবে তালিকা তৈরি করেছে। তবে তালিকা যাচাই-বাছাই ও ব্যাংকে হিসাব খোলার ব্যাপারে সামরিক বাহিনী সহায়তা করেছে বলে জানা গেছে। গত জুন মাসে মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তালিকা যাচাই-বাছাই করে বেশ কিছু সংশোধন করে। এখনো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম বাদ পড়লে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনার কয়রা উপজেলায় ২৭ হাজার ৪০০ ও দাকোপে ১০ হাজার ৫০০ পরিবার সরকারের গৃহনির্মাণ-সহায়তার জন্য তালিকাভুক্ত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১০ হাজার পরিবারের নাম তালিকায় রয়েছে। ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, তালিকা প্রণয়নের কাজ শেষ হওয়ার পর জেলা প্রশাসনকে অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাংক হিসাবে টাকা চলে যাবে। ২০০৯ সালের এপ্রিল মাসে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এই ৪৮ হাজার পরিবারের জন্য খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় সে বছরের ডিসেম্বরে ৯৬ কোটি টাকা বরাদ্দ দেয়। চলতি বছরের জানুয়ারি মাসে অর্থ বরাদ্দ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ হলেও উপকূলীয় বেড়িবাঁধ মেরামত না হওয়ায় বরাদ্দ করা অর্থ বণ্টন করা হয়নি। খুলনা জেলা প্রশাসক জামশের আহমেদ খন্দকার প্রথম আলোকে বলেন, ব্যাংকের বেশিরভাগ হিসাব খোলা হয়ে গেছে। চলতি মাসের মধ্যেই সব হিসাবে টাকা চলে আসবে। পরবর্তী সময়ে সরকারি নির্দেশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা টাকা তুলতে পারবেন।