আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার বেড়িবাঁধ দ্রুত নির্মাণের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে এ দাবি জানানো হয়।আইলাদুর্গত সংহতি মঞ্চ, খুলনা ও আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটি, সাতক্ষীরা যৌথভাবে গতকাল শনিবার বেলা ১১টায় এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। আইলাদুর্গত সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর দীর্ঘ এক বছর ছয় মাস খুলনা ও সাতক্ষীরার আইলাদুর্গত আটটি উপজেলার প্রায় তিন লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংসদ, এমনকি মন্ত্রী নির্দেশ দেওয়ার পরও আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী ২৩ জুলাই আইলাদুর্গত এলাকা সফরে এসে কয়রায় এই শুষ্ক মৌসুমের মধ্যেই বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন হবে বলে ঘোষণা দেন। তাঁর এই ঘোষণায় এলাকার সর্বস্তরের মানুষ স্বস্তি পেয়েছিল। কিন্তু এ ঘোষণার পর তিন মাস পার হয়ে গেলেও বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।সমাবেশে বিশিষ্ট শিক্ষাবিদ জাফর ইমাম, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সিপিবির জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বেসরকারি সংস্থা হিউম্যানিটিওয়াচের শরিফুল ইসলাম, দাকোপ নাগরিক পরিষদের নেতা রুহুল আমিন, সংহতি মঞ্চের সদস্যসচিব হাসান মেহেদী প্রমুখ বক্তব্য দেন।