আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে নেমেছে নৌবাহিনী
ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সম্মিলিতভাবে তারা এই সংস্কারকাজে অংশ নিচ্ছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাঁধের গুরুত্বপূর্ণ বিধ্বস্ত অংশ সংস্কার শেষ করার লক্ষ্যমাত্রা পূরণ করতেই সেনা ও নৌবাহিনী কাজ করছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, চলতি মাসের শুরুতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পানি উন্নয়ন বোর্ডের সম্মতিতে সেনাবাহিনীকে বাঁধ সংস্কারে যুক্ত করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় খুলনা ও সাতক্ষীরার আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রমও বন্ধ রয়েছে।বেড়িবাঁধ সংস্কার কার্যক্রমের আওতায় সাতক্ষীরা জেলার কয়রা উপজেলার দুর্গত অঞ্চল মহেশ্বরীপুর, উত্তর বেতকাসী, দক্ষিণ বেতকাসী, কয়রা ও মহারাজপুর ইউয়িনের মোট নয়টি ক্লোজারের সাতটি বাঁধ এবং বাগেরহাট জেলার দাকোপ উপজেলার পাচুরদুনিয়া, গোলবুনিয়া, ওরামুখী, কাওরাতলি, নলিয়ান, গুনারি ও ঝালিয়াখালীর তীরবর্তী এলাকাসহ মোট ১০টি এলাকার চারটি বাঁধের ২২ দশমিক ৮৫ কিলোমিটার অংশ মেরামতের কাজে বাংলাদেশ নৌবাহিনী যোগ দেয়।১৬ মার্চ থেকে স্বশস্ত্র বাহিনী বেড়িবাঁধ সংস্কারের প্রাথমিক কাজ শুরু করে।