আইলায় বিধ্বস্ত কয়রায় নেই ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার লক্ষাধিক মানুষের এবারের ঈদুল ফিতরও নিরানন্দে কেটেছে। সারা দেশের মানুষ যখন আনন্দে মেতেছে, তখন এ উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মানুষ জোয়ারের পানির সঙ্গে লড়াই করে সময় কাটিয়েছে।জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অনেকে নৌকায় আদায় করেছেন ঈদের নামাজ। এ ছাড়া অনেক স্থানে বাঁধের ওপর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, ঈদের দিন সকালে পদ্মপুকুর নামক স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। সকাল থেকে তাঁরা বাঁধ মেরামতের কাজ করেছেন। তিনি আরও বলেন, আইলায় ভেঙে যাওয়া পাতাখালি ক্লোজার মেরামত না করায় তাঁর ইউনিয়নের ১১টি গ্রামের কমপক্ষে ২০ হাজার মানুষ জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়ে।ইউনিয়নের ঘড়িলাল গ্রামের ট্রলারের মাঝি রফিকুল ইসলাম জানান, সকালের জোয়ারে অন্য দিনের তুলনায় বেশি পানি প্রবেশ করায় টঙঘর থেকে নিচে নামতে পারেনি কেউ। বেশ কয়েকটি নৌকা একত্র করে সেখানে ঈদের নামাজ আদায় করেছেন তাঁরা। এবারের ঈদে অনেকেরই জোটেনি সেমাই ও চিনি।কেবল দক্ষিণ বেদকাশি ইউনিয়ন নয়, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে এবার ঈদুল ফিতর কেটেছে একইভাবে। কয়রা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর। এ এলাকার আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত হলেও গত কয়েক দিনের টানা বর্ষণে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের প্রধান ঈদগাহ ময়দানটি পানিতে তলিয়ে যাওয়ায় পাকা রাস্তা ও মসজিদের মধ্যে নামাজ আদায় করতে হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বশার জানান, ঈদ উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করা হয়েছে।