আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি
অবিলম্বে আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছে খুলনার রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘আইলা দুর্গত সংহতি মঞ্চ’। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর আট মাস চলে গেলেও সংস্কার করা হয়নি বিধ্বস্ত বেড়িবাঁধগুলো। আইলার পর বেকার হয়ে পড়েছে ৭০ হাজার প্রান্তিক কৃষক ও বর্গাচাষি। আড়াই লাখ মানুষের কোনো কাজ নেই। এরই মধ্যে উদ্বাস্তু হয়েছে প্রায় এক লাখ মানুষ, যার মধ্যে ১৫ হাজার মহানগরের বিভিন্ন বস্তিতে বাস করছে। দুর্গত এলাকাগুলোতে স্বাদু পানির মাছ নেই। গাছপালা মরে বিধ্বস্ত এলাকাগুলো বিরানভূমিতে পরিণত হয়েছে।এক সপ্তাহের মধ্যে বিধ্বস্ত বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে ২৩ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইলা দুর্গত মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ। বক্তব্য দেন হাফিজুর রহমান, এইচ এম শাহাদাত হোসেন, শহিদুল্লাহ বুলবুল, মারুফ হোসেন, এ টি এম ইকবাল হোসেন, হাসিবুর রহমান, সরদার আবদুস সাত্তার, গৌরাঙ্গ প্রসাদ রায়, প্রলয় গোলদার, তপন গাইন, বাবর আলী, আলমগীর হোসেন, খালিদ হোসেন, মহেন্দ্রনাথ সেন, ইকবাল হোসেন, আইলাদুর্গত এলাকার দেবাশীষ রায়, স্বপন মিস্ত্রি, ভবেশ মন্ডল, ধীমান মন্ডল প্রমুখ।