আইলে আইলে মিষ্টিকুমড়া
হাওরের জমিতে মরিচ চাষ করছেন চাষিরা। সেই জমির আইলে সাথি ফসল হিসেবে চলছে মিষ্টিকুমড়ার চাষ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কয়েকটি গ্রামে এ দৃশ্য চোখে পড়ে। জমির আইলে উৎপাদিত মিষ্টিকুমড়া বিক্রি করে সেই টাকা বোরো আবাদে ব্যয় করেন চাষিরা।চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রায়টুটী ইউনিয়নের কান্লা, সোয়াইর, কারিয়াল, রাজি, পংধুলন, রায়টুটী গ্রামের চাষিরা ১০-১২ বছর ধরে মিষ্টিকুমড়ার চাষ করছেন। তবে পাঁচ-ছয় বছর ধরে এর জনপ্রিয়তা বেড়েছে। কার্তিক মাসে মরিচের বীজ বপনের সময় জমির আইল ঘেঁষে পুঁতে দেওয়া হয় মিষ্টিকুমড়ার বীজ। কুমড়ার জন্য আলাদা কোনো পরিচর্যার দরকার পড়ে না। মরিচ চাষের জন্য যেটুকু খাটুনি দরকার, তাতেই কুমড়া চাষ হয়ে যায়। মাঘ মাসের মাঝামাঝি থেকে কুমড়া তোলা শুরু হয়ে চলে বৈশাখ পর্যন্ত। প্রতিটি মিষ্টিকুমড়া আকার ভেদে ১০-১৫ কেজি ওজনের হয়।এখানকার মিষ্টিকুমড়া ইটনা, মদন, তাড়াইল, নান্দাইল উপজেলার পাইকাররা এসে কিনে নিয়ে যান। আকার ভেদে প্রতিটি ৫০-৭০ টাকায় বিক্রি হয়। তবে অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে আফসোস করলেন কয়েকজন চাষি।কান্লা গ্রামের ৯৫ ভাগ চাষিই মরিচখেতের আইলে মিষ্টিকুমড়ার চাষ করেন। ওই গ্রামের চাষি মুসলিম মিয়া বলেন, ‘গত বছর ২০ হাজার টাকার লাউ বিক্রি করছি। এইবার ৩০ হাজার টাকা বিক্রি হবে।’ একই গ্রামের বাসিন্দা বুদু মিয়া বলেন, ‘গেলবার ২৫ হাজার টাকার লাউ বিক্রি করছি। এইবার আশা করছি ৪০ হাজার টাকার লাউ পাব।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাজী আলম বলেন, সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় উৎপাদিত কুমড়া চাষিরা কম দামে বিক্রি করতে বাধ্য হন।ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, রায়টুটী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মরিচখেতের আইলে মিষ্টিকুমড়ার চাষ করে সেখানকার কৃষকেরা অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টির জোগান দিচ্ছেন। আগামী মৌসুমে কুমড়ার চাষ আরও বাড়বে—এমনটাই আশা করেন তিনি।