আইসক্রিম উৎসবে বড়-ছোটদের ভিড়

রূপসী বাংলা হোটেলের বলরুমের সামনের অংশটাকে এই মুহূর্তে বলা যায় আইসক্রিম-গুহা। বাইরে এই জ্যৈষ্ঠের তীব্র গরম থেকে এসে এখানে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস শীতল করে দেবে শরীরকে। আরেকটু ভেতরে বড় ফ্রিজে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিভিন্ন স্বাদের আইসক্রিম। ফ্রিজের ভেতরে যেন হীম হয়ে আছে আইসক্রিমগুলো। এর ঠিক উল্টোদিকেই বসার জায়গা। একটু স্থির হয়ে বসলেই শুনতে পারবেন পুরো ঘরে মৃদু স্বরে বেজে যাচ্ছে গানের সুর। গান শুনতে শুনতে চেয়ারে বসে আপনি ইচ্ছামতো স্কুপে করে আইসক্রিম খেতে পারবেন। হ্যাঁ, এতক্ষণ বলা হলো ইগলুর সপ্তম আইসক্রিম ফেস্টিভ্যালের কথা।

রূপসী বাংলা হোটেলের বলরুমের সামনের অংশে ঢুকতেই চোখে পড়বে বিশাল একটা ব্যানার। তাতে লেখা ‘আইসক্রিম ফেস্টিভ্যাল’। নিচের দিকে আবার বড় করে লেখা ‘কাম এন এনজয়, দ্য বিগেস্ট আইসক্রিম ফেস্ট ইন বাংলাদেশ।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে ইগলু আয়োজিত এই আইসক্রিম উৎসব। চলবে ৩১ মে পর্যন্ত, টানা ১০ দিন। উৎসব চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। ৫০০ টাকা প্রবেশমূল্য দিয়ে আইসক্রিম উৎসবে ঢুকে রাত নয়টা পর্যন্ত যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন আপনি। অবশ্য গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য প্রবেশমূল্যে থাকছে ১০ শতাংশ ছাড়। আইসক্রিমপ্রিয়দের জন্য একমূল্যেই ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম খাওয়ার যেন এটাই সুযোগ। কারণ, উৎসবে প্রতিদিন একটি নতুন ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসবে ইগলু। নিয়মিত ফ্লেভারের আইসক্রিম খাওয়ার সুযোগ তো থাকলই, তার ওপর আবার একদম নতুন আরেকটি আইসক্রিমও খেতে পারবেন এই উৎসবে।

উৎসব বেলা ১১টায় শুরু হতে না-হতেই উৎসবস্থলে ভিড় জমেছে আইসক্রিমপ্রিয় মানুষদের। মা-বাবার সঙ্গে ছোটরা এলেও বেশির ভাগই এসেছেন তরুণ-তরুণী। কেউ বসে ধীরেসুস্থে আইসক্রিম খাচ্ছেন, কেউবা একের পর এক বিভিন্ন স্বাদের আইসক্রিমের স্কুপ সাবাড় করে দিচ্ছেন।
আইসক্রিম উৎসবে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহতারিন বলেন, আইসক্রিম তাঁর খুব পছন্দের খাবার। তিনি পত্রিকা ও ফেসবুকে এ বিষয়ে বিজ্ঞাপন দেখে আইসক্রিম খেতে এসেছেন। দুপুর ১২টা পর্যন্ত তিনি প্রায় ১০টি আইসক্রিম খেয়েছেন। এই উৎসবে তাঁর বেলা দুইটা পর্যন্ত থাকার ইচ্ছা আছে।
আইসক্রিম উৎসবে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সেঁজুতি বলেন, ‘আজ সুযোগ পেলাম, তাই উৎসেবর প্রথম দিনেই আইসক্রিম খেতে এসেছি। এই সিজনে আর আসা হবে না। উৎসবটা বেশ মজা লাগছে। এখানে মজার মজার আইসক্রিম খেতে পাচ্ছি। আরও অনেকক্ষণ থাকব এখানে।’
উৎসবে এসে ৫০০ টাকা দিয়ে শুধু যে আইসক্রিম খেয়েই চলে যাবেন, তা কিন্তু নয়। ৫০০ টাকা দিয়ে যে টিকিটটি আপনি কেটে ভেতরে ঢুকবেন, উৎসবের শেষ দিনে ওই টিকিট দিয়েই হবে র্যাফল ড্র। র্যাফল ড্রতে আপনার টিকিটের নম্বরটি উঠলেই পেয়ে যেতে পারেন নানা ধরনের পুরস্কার। পুরস্কারগুলোর মধ্যে আছে রূপসী বাংলা হোটেলে দুজনের এক রাত থাকা ও সকালের নাশতার সুযোগ, রূপসী বাংলা হোটেলে দুজনের রাতের বা দুপুরের খাবারের সুযোগ, একটি ডিজিটাল ক্যামেরা, দুজন করে ১০ জনকে ফ্যান্টাসি কিংডমে যাওয়া ও বিভিন্ন রাইডে ওঠার সুযোগ এবং প্রতি ড্রতে দুজন করে ১০ জনকে এঅ্যান্ডডব্লিউ রেস্টুরেন্টে রাতের খাবারের সুযোগ।
আইসক্রিম উৎসবের সার্বিক তত্ত্বাবধায়ক শাহ মোশতাক আহমেদ বলেন, এটা ইগলুর সপ্তম আইসক্রিম ফেস্টিভ্যাল। বাংলাদেশে আইসক্রিমের এটাই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবটির উদ্দেশ্য হলো, মানুষ যেন পরিবার নিয়ে এখানে এসে পছন্দের আইসক্রিম খেতে পারেন। এ ছাড়া প্রতিদিন একদম নতুন একটি ফ্লেভারের আইসক্রিমের সঙ্গে ভোক্তাদের পরিচয় করিয়ে দেওয়া হবে উৎসবে। এটির নাম হলো ‘ফ্লেভার অব দ্য ডে’। মোট ১০টি নতুন ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসা হবে এখানে। ভোক্তাদের কাছ থেকে এই নতুন আইসক্রিমগুলোর বিষয়ে অনুভূতি জেনে তা পরবর্তী সময়ে বাজারে নিয়ে আসা হবে।
উৎসবে আজকের ‘ফ্লেভার অব দ্য ডে’তে নিয়ে আসা হয়েছে ‘চকলেট অ্যান্ড অরেঞ্জ’ আইসক্রিম। আগামীকাল শুক্রবার থাকবে ‘হ্যাজল নাট চকলেট’।
উৎসবস্থলের একদম কর্নারে আছে একটি মঞ্চ। প্রতিদিন দুপুর ১২টা থেকে এই মঞ্চে গান গাইবেন শিল্পীরা। আর শিশুদের জন্য আছে মাসকটের ব্যবস্থা। পুরো উৎসবস্থলে বিভিন্ন মুখোশের মাসকট ঘুরে ঘুরে শিশুদের সঙ্গে খেলা করে বেড়াবে।