আইসক্রিম কারখানা বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত
কোনো প্রকার অনুমতি ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় মিনি আইসক্রিম ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। এ সময় আদালত কারখানার সাতটি ডিপ ফ্রিজে রাখা প্রায় তিন লাখ টাকা মূল্যের আইসক্রিম ধ্বংস করেন এবং কারখানার মালিকের কাছ থেকে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রয়োজনীয় কোনো সরকারি দপ্তরের অনুমতি না নিয়েই মিনি আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. খোরশেদ হাওলাদার দীর্ঘদিন ধরে একটি আবাসিক বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক রং মিশিয়ে নিম্নমানের আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এর আগেও কয়েকবার তাঁকে অর্থদণ্ড করা হয়। তিনি বিএসটিআইয়ের ভুয়া সিল ব্যবহার করে ‘ইগলু’, ‘ঈগল’, ‘আননাফি’ প্রভৃতি নামে এসব আইসক্রিম বাজারজাত করছিলেন।