আইসন ধূমকেতু বাংলাদেশের আকাশে
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আইসন ধূমকেতু শনাক্ত করা হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে ৩ নভেম্বর ভোর পাঁচটায় আইসন শনাক্তকরণের পাশাপাশি ধূমকেতুটির ছবি তোলা হয়।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ ছবি তোলা হয়।
দ্বিতীয় পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে চক্রের পর্যবেক্ষণ দলের কর্মীরা একই উপজেলার খইরা গ্রামে ধূমকেতুটি পর্যবেক্ষণ করেন। ধূমকেতুটির অবস্থান সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য ওই ছবি বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার কাছে পাঠানো হয়। বিদেশি বিশেষজ্ঞরা গতকাল রোববার নিশ্চিত করেন, বাংলাদেশ থেকে তোলা ছবির ধূমকেতুটিই আইসন।
সাম্প্রতিক কালে দৃশ্যমান বিভিন্ন উজ্জ্বল ধূমকেতুর মধ্যে আইসন একটি। অনেকে এটিকে শতাব্দীর সেরা ধূমকেতু আখ্যা দিয়েছেন। রুশ গবেষক ভিতালি নোভস্কি ও আর্তিয়েম নোভিচোনক গত বছর আইসন আবিষ্কার করেন। তাঁরা ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক অপটিক্যাল নেটওয়ার্কের (আইএসওএন) মাধ্যমে এ ধূমকেতুটি আবিষ্কার করেছেন বলে এটির নাম দেওয়া হয়েছে সি/২০১২ এস১ (আইএসওএন বা আইসন)। বিজ্ঞপ্তি।