আইসিইউ ইউনিটের কার্যক্রম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) কার্যক্রম চালু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এটি উদ্বোধন করেন।
আইসিইউর কার্যক্রম চালুর আগে বিকেলে হাসপাতালসংলগ্ন মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। মানিকগঞ্জের সিভিল সার্জন শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
এ ছাড়া পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন, পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তুষার ক্রান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন শাহ আলম বলেন, ৩৮ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির নির্মাণকাজ চলছে। তাই এ হাসপাতালের আইসিইউ ইউনিটটি বর্তমানে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে খোলা হয়েছে। পরবর্তী সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির কার্যক্রম শুরু হলে আইসিইউ ইউনিটটি ১০ শয্যায় উন্নীত করে এখানে নিয়ে আসা হবে।