প্রতিষ্ঠার প্রায় সাত বছর পর খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চালু হলো নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং প্লাস্টিক ও বার্ন ইউনিট। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ এবং ২০ শয্যাবিশিষ্ট প্লাস্টিক ও বার্ন ইউনিটের উদ্বোধন করেন।
২৫০ শয্যার হাসপাতালটি ২০১০ সালের ৩০ মার্চ মাত্র ৩০টি শয্যা নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে আইসিইউ এবং বার্ন ইউনিটে মোট ৩০টি শয্যা চালুর ফলে বর্তমানে মোট শয্যার সংখ্যা দাঁড়াল ১৫১টিতে।
উদ্বোধন শেষে হাসপাতাল মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম বলেন, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চলতি বছরের মধ্যে ২৫০ শয্যা চালুর উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালটিকে অনতিবিলম্বে ইনস্টিটিউটে পরিণত করা হবে। এই হাসপাতালে গবেষণার ব্যবস্থাও করা হবে। হাসপাতালে ১৫টি ডায়াগনস্টিক মেশিন দেওয়া হবে এবং দ্রুত চিকিৎসক সংকট দূর করা হবে।
মন্ত্রী বলেন, এ হাসপাতালের উন্নয়নে ইতিমধ্যে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই উন্নয়নকাজ অবশ্যই শেষ করতে হবে। হাসপাতালের উন্নয়নে তাঁর পক্ষ থেকে যা যা করা দরকার তা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান, শেখ হেলাল উদ্দিন, তালুকদার আবদুল খালেক, মুহাম্মদ মিজানুর রহমান ও পঞ্চানন বিশ্বাস।
হাসপাতালের পরিচালক বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা বিএমএর সভাপতি শেখ বাহারুল আলম এবং খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবুল কাশেম মো. সাইদুর রহমান, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, সিভিল সার্জন এ এস এম আবদুর রাজ্জাকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী খুলনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সে সময় তিনি হাসপাতালের ১৩টি জরাজীর্ণ ভবন অপসারণ করে বহুতলবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ এবং সিভিল সার্জনের কার্যালয় নির্মাণের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।